পরিবেশ সচেতনতার বার্তা দিতে এবং সবুজায়নের লক্ষ্যে আজ এক অনন্য উদ্যোগ নিল শাশপুর সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অরণ্য সপ্তাহ উপলক্ষে আজ শাশপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা ও স্থানীয় খেলার মাঠের পাশে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ রক্ষায় অভিনব এই উদ্যোগে আজ এলাকায় ৭টি বট গাছের চারা সহ আরও ২৫টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। তবে এদিনের অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন এবং আকর্ষণীয় দিকটি ছিল “মায়ের নামে একটি গাছ” প্রকল্প। অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্য এই প্রকল্পের অধীনে নিজেদের মায়ের নামে একটি করে গাছ উৎসর্গ ও রোপণ করে এই সুন্দর ভাবনাটিকে বাস্তবে রূপদান করেন। এদিনের কর্মসূচিতে প্রধান আকর্ষণ তথা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার বাসিন্দা, বিশিষ্ট পরিবেশপ্রেমী ও বৃক্ষপ্রেমী তথা সকলের পরিচিত ‘বট মুন্সী’ সুফি আলম মুন্সী। গাছ ও প্রকৃতির প্রতি তাঁর আজীবন ভালোবাসার কথা মাথায় রেখে এই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি সকলকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। এই অনুষ্ঠানে শাশপুর গ্রাম পঞ্চায়তের প্রধান দীপালি ঘোষকে সংস্থার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির গৌরব বৃদ্ধি করেন ইন্দাস পূর্ব চক্রের বিদ্যালয় পরিদর্শক শুভেন্দু কোঙার মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন শাশপুর সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ, যাঁদের অক্লান্ত পরিশ্রমে সমগ্র অনুষ্ঠানটি সফল রূপ পায়। সংস্থার সদস্যরা জানান যে, শুধু গাছ লাগানোই নয়, সেই গাছগুলিকে বাঁচিয়ে রেখে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পৃথিবী গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। শাশপুর সংকল্প ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই পরিবেশবান্ধব ও সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও পরিবেশপ্রেমী মহল।






